সাহিত্যের পাতায় তার স্থান, অরণ্যে ঘেরা ম্যাকলুস্কীগঞ্জ হোক পুজোর ঠিকানা, ঘুরে নিন রাঁচী-নেতারহাটও

Spread the love

পুজোর ছুটিতে সফরের জন্য ট্রেন, বাস, বিমানের টিকিট কাটা হয়নি? বেড়ানোর সঙ্গী হতে পারে চারচাকাই। আনন্দবাজার ডট কম-এ থাকছে সড়কপথে ভ্রমণের চেনাঅচেনা গন্তব্যের হদিস।

ঘর থেকে যদি বা বাইরে চোখ যায়— কোথায় শরতের আকাশ? চার দিকে তো শুধু গোটানো-প্যাঁচানো তারের জঙ্গল, নয়তো সুউচ্চ বহুতল। তার ফাঁক দিয়ে যদি বা কিছু দেখা যায়— তাতে কি আর আকাশ দেখার সাধ মেটে?

চিরকাল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পড়ে আসা বাঙালি তাই আজও খোঁজে আকাশ, খোঁজে এক এমন রাজত্ব, যার সীমানা অসীম, যেখানে চোখ মেললেই পাহাড় দেখা যায়, যেখানে ভিড় করে গাছেরা।

এ বারের পুজোর ঠিকানা হোক সাহিত্যের পাতার সেই স্থান। বুদ্ধদেব গুহর নানা উপন্যাসে উঠে আসা ম্যাকলুস্কীগঞ্জ। সঙ্গে থাকা বর্ষায় জলে ভরে ওঠা হুড্রু, জোনা, দশমের আকর্ষণ।

চারচাকায় সওয়ার হয়ে চলুন রাঁচী। সেখান থেকেই ঘুরে নেওয়া যাবে ম্যাকলুস্কীগঞ্জ, নেতারহাট। সবসুদ্ধ দিন পাঁচেকের পরিকল্পনা। তবে জায়গা কমিয়ে বা বাড়িয়ে দিন বাদ দিতে বা জুড়তেও পারেন।