গরম বাড়ছে, বৃষ্টি কি হবে? কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে কী পূর্বাভাস, উত্তরবঙ্গেই বা কী হবে

Spread the love

আপাতত আরও কিছু দিন উত্তরের পাশাপাশি দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। সক্রিয় বর্ষার কারণে এই বর্ষণ। তবে কলকাতা এবং অন্য জেলাগুলিতে যদিও খুব বেশি ঝড়বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই।

বৃষ্টির পূর্বাভাস থাকলেও আপাতত কলকাতায় তেমন বৃষ্টি হচ্ছে না। বরং বাড়ছে গরম। দুপুরের দিকে কাঠফাটা রোদে রাস্তায় বেরোনো দায় হয়ে পড়ছে। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই ছবি প্রায় সমান। তবে বৃষ্টি চলছে উত্তরবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত আরও কিছু দিন উত্তরের পাশাপাশি দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। সক্রিয় বর্ষার কারণে এই বর্ষণ।

দক্ষিণবঙ্গে যদিও খুব বেশি ঝড়বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। কলকাতা এবং অন্য জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে আরও চার দিন। সঙ্গে কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। শুক্রবার এবং সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই কমবেশি ঝড়বৃষ্টি হতে পারে। শনিবার সতর্কতা জারি করা হয়েছে কেবল হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। রবিবার বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং নদিয়ায়।