তিন দিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা, দুপুরে পৌঁছোলেন বাগডোগরা বিমানবন্দরে, দু’দিনের কর্মসূচি কী কী

Spread the love

মঙ্গলবার কলকাতা থেকে শিলিগুড়ির উদ্দেশে রওনার আগে মুখ্যমন্ত্রী জানান, তিনি নেপালের পরিস্থিতি নিয়ে কোনও মন্তব্য করবেন না। তিনি বলেন, ‘‘নেপাল আমার দেশ নয়। বিদেশি রাষ্ট্র নিয়ে মন্তব্য করতে পারি না। প্রতিবেশী দেশ বলে আমরা তাকে ভালবাসি।’’

তিন দিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মঙ্গলবার দুপুর তিনিটে নাগাদ বাগডোগরা বিমানবন্দরে পৌঁছোন মুখ্যমন্ত্রী। সেখান থেকে সোজা নৌকাঘাটে উপস্থিত হন। ঠাকুর পঞ্চানন বর্মার প্রয়াণ দিবসে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে সোজা উত্তরকন্যার উদ্দেশে রওনা দেন তিনি।

প্রশাসনের একটি সূত্রে খবর, মঙ্গলবার মুখ্যমন্ত্রী জেলাশাসকদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তাঁর। তার পর তিনি তাঁর দল তৃণমূলের জেলা শীর্ষনেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে পারেন।

এর পর বুধবার ‘উত্তরকন্যা’ থেকে বেলা ১২টায় মমতা চলে যাবেন জলপাইগুড়িতে। সেখানে এবিপিসি মাঠে সরকারি সহায়তা প্রদান অনুষ্ঠানে থাকার কথা তাঁর। জলপাইগুড়িতে আদিবাসীদের হাতে জমির পাট্টা দেবেন। তা ছাড়া উত্তরবঙ্গের একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা রয়েছে। তার পর মুখ্যমন্ত্রী চলে যাবেন ‘উত্তরকন্যা’য়। আগামী ১১ তারিখ মুখ্যমন্ত্রী কলকাতায় ফিরে যাওয়ার কথা তাঁর।