সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে দু’ওভারে ৪ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন শিবম দুবে। ভাল বল করায় কোচের প্রশংসা পেয়েছেন তিনি। কিন্তু শুনেছেন সতীর্থদের ‘খোঁচা’।

এশিয়া কাপের শুরুটা দুর্দান্ত করেছে ভারত। প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহিকে উড়িয়ে দিয়েছে তারা। বল হাতে নজর কেড়েছেন শিবম দুবে। দু’ওভার বল করে ৪ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি। ভাল বল করায় কোচের প্রশংসা পেয়েছেন তিনি। কিন্তু শুনেছেন সতীর্থদের ‘খোঁচা’।
গত কয়েক বছরে প্রতিটি ম্যাচের পর সাজঘরে সেরা ফিল্ডারের পুরস্কার দেওয়ার চল ছিল ভারতীয় দলে। সেই ছবিটা বদলেছে। এশিয়া কাপে শুরু হয়েছে ‘ইমপ্যাক্ট প্লেয়ার অফ দ্য ম্যাচ’-এর পুরস্কার। অর্থাৎ, ম্যাচে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছেন কে সেটা দেখা হচ্ছে। সেই প্রভাব ব্যাটিং, বোলিং, ফিল্ডিং যে কোনও ক্ষেত্রে হতে পারে। প্রথম ম্যাচে সেই পুরস্কার পেয়েছেন শিবম।
খেলা শেষে সাজঘরে শিবমের গলায় মেডেল পরিয়ে দেন ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল। শিবমের নাম ঘোষণা হতেই শুরু হয় মশকরা। কেউ চিৎকার করে হাততালি দেন। আবার কেউ শিস দেন। শিবমকে নিয়ে মজার কথাও বলেন অনেকে।